
চেতনা ডেস্ক রিপোর্টঃ নরসিংদীতে সদর উপজেলার আলোকবালীতে জমির ধান কাটাকালে বজ্রপাতে মা ছেলেসহো ৩ জন ও হাজীপুরে একজন নিহত হয়েছে।একই সময়ে আহত হয় ১ জন। শনিবার সকালে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সময় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে আলোকবালী গ্রামের কামাল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫), তার ছেলে ইমন মিয়া (১০), রায়পুরা উপজেলার বাঘাইকান্দি এলাকার হাতেম আলীর ছেলে ধানকাটা শ্রমিক কাইয়ৃম মিয়া (২০) ও হাজীপুর চকপাড়া এলাকার মোসলেহ উদ্দিন (৫০)। একই ঘটনায় আহত হন আলোকবালী গ্রামের নিহত সুফিয়া বেগমের স্বামী কামাল মিয়া।

সকাল থেকেই জমিতে স্ত্রী, সন্তান ও শ্রমিকসহো ধান কাটার কাজ করছিলেন কামাল মিয়া। এ সময় হঠাৎ প্রচন্ড বেগে ঝড় ও বৃষ্টি শুরু হলে শরীর রক্ষার চেষ্টায় পলিথিন দিয়ে ঢেকে মাঠের জমিতেই অবস্থান নেন তিনি। হঠাৎ বিকট শব্দে বজ্রপাতে ঘটনাস্থলেই সুফিয়া বেগম ও তার ছেলে ইমন মিয়া মারা যায় এবং গুরুতর আহত হন বলে জানান কামাল মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত কামাল মিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সকালে বজ্রাঘাতের ঘটনায় ৫ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে ৪ জনকেই মৃত ঘোষণা করা হয়েছে। আর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানিয়েছেন নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও মাহমুদুল কবির বাশার।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, বজ্রপাতের পৃথক ঘটনায় ৪ জন নিহত হয়েছে। সংবাদ পেয়ে হাসপাতালের মর্গে থাকা লাশ পরিদর্শন করে পুলিশ। নিহতদের মরদেহ ভুক্তভোগী পরিবারের স্বজসদের কাছে হস্তান্তর করা হয়েছে।