
নরসিংদীর আমদিয়ায় হিন্দু সম্পত্তি জবর দখলের চেষ্টা, প্রশাসনে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী পরিবার। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও জোরপূর্বক পাকাঘর তৈরি করছেন প্রভাবশালী ভূমি দস্যুরা। ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের চানগাও গ্রামের মৃত লক্ষীনারায়ন ও হরি নারায়ন শীলের ভোগদখলীয় সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু মাসুদ,মনির রোমান গংদের।

তারা হিন্দু আইনে নি:স্বত্তবান লক্ষীনারায়নের স্ত্রী সন্ধ্যারানীর কাছ থেকে অবৈধভাবে বনভাগ মৌজার আরএস ২৩৮৫ দাগে ১১ শতাংশ জমির একটি দলিল তৈরি করে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় মাসুদ, মনির ও রোমান গংদের বিরুদ্ধে কথা বলার সাহস নেই সাধারণ মানুষের। তাই তারা ভুক্তভোগী পরিবারকে কিছু না বলেই, নিজেরাই জমি দখলে নেয়ার জন্য পাকাঘর নির্মাণ শুরু করে। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী পরিবার দলিল বাতিল করতে আদালতে মামলা দায়ের করেন এবং নালিশা ভূমিতে নির্মাণ কাজ বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত ভুক্তভোগীদের আবেদন আমলে নিয়ে নিষেধাজ্ঞা জারী করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে, মাসুদ,মনির ও রোমান গংরা নির্মাণ কাজ করে যাচ্ছেন। উল্টো ভুক্তভোগী পরিবারকে নানাভাবে খুন গুমের হুমকি প্রদান করে চলেছে। নিরুপায় হয়ে সমিরন চন্দ্র শীল ভূমিদস্যুদের বিরুদ্ধে নরসিংদী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না, পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।