
মনোহরদী সংবাদদাতাঃ নরসিংদীর মনোহরদীতে ৩ গাঁজা সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের রসলপুর গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মনোহরদী উপজেলা প্রশাসন ও মনোহরদী থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযান পরিচালনা করা হয়। গাঁজা সেবনকালে মোঃ আমিন মিয়া, মোঃ আবুল হোসেন ও মোঃ সাঈদ মিয়া নামে তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর বিধিমতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ২ হাজার পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করে। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ এ কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। মাদক নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক উপস্থিত ছিলেন।