নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের ছয়টি উপজেলার স্ব স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ধানেরশীষ প্রতিকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। ৪ লাখ ৭২ হাজার ৬৯১ জন ভোটারের মধ্যে ১৪২ টি ভোটকেন্দ্রে ৫৮.৮২ শতাংশ ভোটার ভোট প্রদান করেন।
নরসিংদী-২ (পলাশ) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ধানেরশীষ প্রতিকে পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট। কিন্তু এ আসনে জামায়াত জোটের প্রার্থী ছিলেন এনসিপি কেন্দ্রীয় নেতা মো. গোলাম সারোয়ার তুষার। তিনি পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ জন ভোটারের মধ্যে ৯১ টি ভোটকেন্দ্রে ৫৫ শতাংশ ভোটার ভোট প্রদান করেন।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪১৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মান্নান ভূঁইয়ার পরিষদের সদস্য সচিব ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা হাঁস প্রতিকে পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। ২ লাখ ৮০ হাজার ৯২৯ জন ভোটারের মধ্যে ১০১ টি ভোটকেন্দ্রে ৬১ শতাংশ ভোটার ভোট প্রদান করেন।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল ধানেরশীষ প্রতিকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। ৪ লাখ ২২ হাজার ৮৩৫ জন ভোটারের মধ্যে ১৬২ টি ভোটকেন্দ্রে ৫৩.৬ শতাংশ ভোটার ভোট প্রদান করেন।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল ধানেরশীষ প্রতিকে পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাজুল ইসলাম রিকশা প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। ৪ লাখ ৮৭ হাজার ৭১৩ জন ভোটারের মধ্যে ১৬৭ টি ভোটকেন্দ্রে ৪৯.০৫ শতাংশ ভোটার ভোট প্রদান করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নরসিংদী জেলার পাঁচটি আসনে মোট পাঁচটি পৌরসভা ও ৭১টি ইউনিয়নের ৬৬৩টি ভোটকেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ সময় নিরাপত্তার দায়িত্বে মাঠে ছিলেন সেনাবাহিনীর ৬ শতাধিক সদস্য, পুলিশের ১৫ শতাধিক সদস্য, বিজিবির ১৩ প্লাটুন সদস্য ছাড়াও র্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।