বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

নমিনেশনে সিনিয়র নেতাদের নাম নেই। তালিকা পরিবর্তন হতে পারে যে কোন সময়

চেতনা ডেস্ক / ৪০৩ বার
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

122

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি।
এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটি সহ জেলা পর্যায়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম।
যদিও এই তালিকা ঘোষণার সময়ই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি দলের প্রাথমিক তালিকা। দল মনে করলে যেকোনো কারণে যেকোনো সংশোধনী আসতে পারে।

সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমানের নাম।
প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরের নামও। নেই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশীদ ইয়াসিনের নাম। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, সামসুজ্জামান দুদুর নামও নেই প্রার্থী তালিকায়। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নাম। তবে মনোনয়ন তালিকায় এবার তার নাম দেখা যায়নি।
ঢাকা ১০ আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম। এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি। তাদের দুই জনের নামও নেই ঘোষিত তালিকায়।
বাদ পড়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম। তিনি এর আগে ভোলা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যদিও এবার ওই আসন থেকে এবার প্রার্থী হয়েছেন যুবদল সেক্রেটারি নুরুল ইসলাম নয়ন। এখনো নরসিংদী ৩ (শিবপুর) আসনের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে, বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। দলটির একটি সূত্র জানিয়েছে, আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের।
যে কারণে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও বাদ পড়েছেন এই তালিকা থেকে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ