গতকাল রবিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নরসিংদী সদর আসনের পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা ও মারধর করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুল।
সোমবার (৮ জানুয়ারী) বিকেলে নরসিংদী শহরের শাপলা চত্বরের ব্যক্তিগত কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কামরুজ্জামান কামরুল ও তার প্রধান নির্বাচনী এজেন্ট শামীম নেওয়াজ। সংবাদ সম্মেলনে তারা দাবী করেন, গতকাল রাতে ভোটের ফলাফল ঘোষণা পর থেকেই নির্বাচিত সাংসদ নজরুল ইসলাম হিরুর লোকজন ঈগল প্রতিকের যারা এজেন্ট ও কর্মী সমর্থক ছিলো তাদের উপর বিভিন্ন হামলা ও মারধর করা শুরু করেন। এ পর্যন্ত আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০/১২ জন। সংবাদ সম্মেলনেও মারধরের শিকার ৪/৫ জন উপস্থিত আছেন।
এসময় সাংবাদিকদের সামনে কথা বলেন, চৌয়ালা এলাকার চা বিক্রেতা ঈগল প্রতিকের কর্মী মারফত আলী। তিনি বলেন, আমি ঈগল মার্কার নির্বাচন করার কারনে, আজকে সকালে আলমগীর মোল্লার নেতৃত্বে ৮/১০ লোক এসে আমাকে মারধর করে,আমার দোকান বন্ধ করে দেয় এবং সাড়ে ১৩ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। তারা যাওয়ার সময় আমার দোকান মালিককে হুমকি দিয়ে গেছে, আমাকে দোকান ভাড়া না দেওয়ার জন্য। সাংবাদিকদের সাথে আরো কথা বলেন, হামলার শিকার নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার রেশমী বেগম, মনি বেগম।
সংবাদ সম্মেলনে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও উপস্থিত ছিলেন।